মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধি: | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলায় শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক ভিড় জমে। টিসিবির পণ্যবাহী গাড়ির পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষকে পণ্য সংগ্রহ করতে দেখা যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন।
টিসিবির নির্ধারিত প্যাকেজে ৪৯০ টাকায় দেওয়া হচ্ছে দুই কেজি ডাল, এক কেজি চিনি এবং দুই লিটার রাইস অয়েল। বাজারমূল্যের তুলনায় কম দামে এসব পণ্য পাওয়ায় ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
পণ্য কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে তারা অনেকটা উপকৃত হচ্ছেন। তারা বলেন, “এভাবে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকলে সাধারণ মানুষ অনেক উপকার পাবে।”
স্থানীয়রা আরও জানান, ঈদকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির এই কার্যক্রম সাধারণ মানুষের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ কার্যক্রম আরও বিস্তৃত করার দাবি জানান।
উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে টিসিবির এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com