আনোয়ার হোসেন | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার নিবন্ধন করতে এসে নুরুল আমিন (২৪) নামের রোহিঙ্গা যুবকসহ তার ২ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার হতে আসছিলেন তারা। রোববার (১ ডিসেম্বর) সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটকদের সোমবার (২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আটক রোহিঙ্গার নুরুল আমিন কক্সবাজার বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে।
এছাড়া তার সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে ও জীবন কৃষ্ণ সরকার (৩৪) তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে। সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বলেন, রোববার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য রোহিঙ্গা যুবক স্থানীয় ২ জনকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে আসেন। তারা রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন নিয়ে আসেন। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকাসহ তার কথাবার্তা (ভাষায়) সন্দেহ হয়।
এসময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে সবই ভুয়া বলে প্রমাণিত হয়। জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা ২ যুবকের সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com