নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ওমানে বসবাসরত বাংলাদেশি শিশু-কিশোরদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমান আয়োজন করেছে ‘মাদককে না বলুন’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬।
আয়োজকরা জানান, ওমানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতা দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরি-এ-তে অংশ নিতে পারবে ১২ বছরের নিচের শিক্ষার্থীরা এবং ক্যাটাগরি-বি-তে অংশ নিতে পারবে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘মাদককে না বলুন’ (Say No To Drugs)। অংশগ্রহণকারীরা জলরং, তেলরং, প্যাস্টেল অথবা পেন্সিল স্কেচের মাধ্যমে ন্যূনতম A4 বা A3 আকারের ড্রয়িং পেপার কিংবা ক্যানভাসে চিত্রকর্ম তৈরি করতে পারবেন।
শুধুমাত্র ওমানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বয়স যাচাইয়ের জন্য সিভিল আইডির কপি সংযুক্ত করা বাধ্যতামূলক। প্রত্যেক প্রতিযোগী একটি মাত্র চিত্রকর্ম জমা দিতে পারবেন। চিত্রকর্মের পেছনে অংশগ্রহণকারীর নাম, বয়স, ক্যাটাগরি, বিদ্যালয়ের নাম এবং যোগাযোগের নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।
অনলাইন নিবন্ধনের শেষ সময় ১৫ আগস্ট ২০২৬ রাত ১২টা। আয়োজকদের প্রকাশিত পোস্টারে থাকা কিউআর কোড স্ক্যান অথবা নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে। চিত্রকর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২০ আগস্ট ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমানের কার্যালয়ে চিত্রকর্ম জমা দিতে হবে।
প্রতিযোগিতার প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য আকর্ষণীয় ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এছাড়া নির্বাচিত সেরা চিত্রকর্মগুলো বাংলাদেশ সোশ্যাল ক্লাব-ওমানের বিশেষ প্রদর্শনীতে স্থান পাবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ আয়োজন শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com