আনোয়ার হোসেন | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়েছে ১৬ জন ছাত্রী। চিকিৎসক বলছেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নয়, তারা ভয়ে অসুস্থ হয়েছে। আজ বুধবার দুপুরে অসুস্থ ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থরা উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেসরকারি ডা. নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী। আজ বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে এইচপিভি টিকা দেয়া হচ্ছিল।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ছাত্রীদের টিকা দেন। বেলা দেড়টার দিকে বেশ কয়েকজন ছাত্রী টিকা নেয়ার পর শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে। একে একে ১৬ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীরা জানায়, টিকা নেওয়ার পরই তাদের পেট ব্যথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ দেখা দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়েদ জামান জিতি বলেন, ছাত্রীরা ভয় ও আতঙ্কে অসুস্থ হয়েছে। বড় কোনো সমস্যা নেই। টিকা নেয়ার কারণে তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com