শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া, ৩০ জুলাই ২০২৬: সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) আয়োজিত মতবিনিময় সভায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেছেন, জনবল সংকট থাকা সত্ত্বেও হাসপাতালের নিয়মিত কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। এ ক্ষেত্রে তিনি সেবাগ্রহীতাদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে ভর্তি প্রতিটি রোগীর সঙ্গে গড়ে ৪ থেকে ৫ জন ভিজিটর আসেন, যা চিকিৎসাসেবার মান ও হাসপাতালের আনুষঙ্গিক কার্যক্রমকে ব্যাহত করে। তাই অপ্রয়োজনীয় ভিজিটর নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি।
ডা. রতন কুমার ঢালী আরও জানান, হাসপাতালে বর্তমানে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে এ ধরনের রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি রশিদ ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান এবং জরুরি বিভাগসহ সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। এছাড়া ওয়ার্ডে কোনো ধরনের হকার প্রবেশ করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারী অনৈতিকভাবে অর্থ দাবি করলে বা ইচ্ছাকৃতভাবে সেবা প্রদানে বিলম্ব করলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে। তিনি আরও জানান, স্বাস্থ্য নির্দেশক সূচকে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রথম এবং জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন বলেন, রোগীদের সঙ্গে অতিরিক্ত ভিজিটর আসা নিরুৎসাহিত করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি। এছাড়া হাসপাতাল গেটে নারী দালালদের দৌরাত্ম্য কমাতে একজন নারী পুলিশ সদস্য নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আবাসিক মেডিকেল অফিসার মো. শাহীনুর আলম বলেন, রোগীদের খাবারের মান নিয়মিত যাচাই করা হয় এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ইতোমধ্যে হাসপাতালের তেলাপোকা ও ছারপোকা নিধনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।
সভাপতির বক্তব্যে সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জয়দুল হোসেন বলেন, হাসপাতালের সেবার মান আরও উন্নত হলে দালালচক্র রোগীদের অন্য হাসপাতালে নিতে পারবে না এবং রোগীরাও সরকারি হাসপাতালের প্রতি আরও আস্থা অর্জন করবে। তিনি হাসপাতালের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বক্তব্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সমন্বয়ক শামীম আহমেদ বলেন, হাসপাতালের সেবার মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ইতিবাচক পরিবর্তন এখন দৃশ্যমান।
টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সনাক সদস্য মো. মোক্তার হোসেন। এ সময় আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, ইয়েস ও এসিজির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com