শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
স্বপ্ন গড়ার প্রত্যয়ে তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বজনীন গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের চতুর্থ তলার হলরুমে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ, প্রশিক্ষণ ভাতা প্রদান এবং উৎসবমুখর পরিবেশে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তির ৫১তম জন্মদিন উদযাপন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক কান্তি কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। সার্বজনীন গ্রুপের এ ধরনের ব্যতিক্রমী ও বাস্তবমুখী উদ্যোগ তরুণ সমাজকে নতুন স্বপ্ন দেখানোর পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতেও এমন বাস্তবমুখী ও কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গির আলম লিটন, সার্বজনীন কল্যাণ ট্রাস্টের পরিচালক আবু কাওছার, সাংবাদিক খলিল, জামাল হোসেন পান্নাসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তির ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীদের মতে, সার্বজনীন গ্রুপের এমন উদ্যোগ তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com