আনোয়ার হোসেন | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের শূন্য ঘোষণা করা হলো চেয়ারম্যান পদ। ২১ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ আনেন ৯ ইউপি সদস্য। এ অভিযোগের তদন্তে নামেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মণ। তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়।
এরপর ইউপি সদস্যরা নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করা হলে, অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি এবং বিপক্ষে ৩টি ভোট পড়ে।
পরবর্তীতে তদন্ত প্রতিবেদন ও অনাস্থা প্রস্তাবের ফলাফল জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়, এ প্রেক্ষিতে চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাপ্ত চিঠির আলোকে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com