শফিকুল ইসলাম বাদল | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পরিবেশ রক্ষা ও নদী-প্রকৃতি সংরক্ষণে পলিথিনের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, পলিথিনের ব্যবহার বন্ধ না করা গেলে নদী-জলাশয়, কৃষিজমি ও সামগ্রিক পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ মার্কেটে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির সঙ্গে ‘পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার ও সহজলভ্য করে তোলা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, অপচনশীল পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি নদী-নালা ও জলাশয় দূষণের পাশাপাশি কৃষিজমির উর্বরতা নষ্ট করছে এবং নগরাঞ্চলের জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। তাই পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের মতো পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি ব্যাগের ব্যবহার বাড়াতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটির আহ্বায়ক ও নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম বলেন, বাজারে পণ্য পরিবহনে পলিথিনের ব্যবহার বন্ধ এবং বিকল্প ব্যাগ ব্যবহারে তরী বাংলাদেশের উদ্যোগকে ব্যবসায়ী সমাজ সমর্থন জানায়। তিনি বলেন, পলিথিনের বিকল্প উৎপাদন, বিপণন ও ব্যবহার বৃদ্ধিতে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা করবেন। কারণ, এই পরিবেশবিনাশী সমস্যা এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
শহরের আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. জালাল উদ্দীন বলেন, ভোক্তা পর্যায়ে পলিথিনের ব্যবহার বন্ধ না হলে নদী ও কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এজন্য দ্রুত বিকল্প ব্যাগের সরবরাহ বৃদ্ধি এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।
এফ এ টাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পাট, কাপড় ও কাগজের ব্যাগের উৎপাদন ও বিপণন বাড়িয়ে সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, বাজার থেকে পলিথিন সম্পূর্ণভাবে বন্ধ করতে না পারলে পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ সহজলভ্য করার জন্য সংগঠনটি কাজ করে যাচ্ছে।
ব্যবসায়ী ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার বলেন, প্রায় ২৫ বছর আগে বিএনপি সরকারের উদ্যোগে দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানেও সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়াকে পলিথিনমুক্ত করে সারা দেশের জন্য একটি মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া রেস্তোরাঁ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় কামাল, সমবায় মার্কেট ব্যবসায়ী কমিটির মো. আকরাম হোসেন ও মহিদুল ইসলাম অপু, এবং ব্রাহ্মণবাড়িয়া টাওয়ার ব্যবসায়ী সমিতির হুমায়ুন কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সদস্য রিফাত হাসান ভূইয়া, ব্যবসায়ী মো. আব্দুল বাছিরসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধিরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com