বরিশাল প্রতিনিধি: | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত ২০ মে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করে সাফল্য অর্জন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানার সভাপতিত্বে গঠিত সাক্ষাৎকার বোর্ডের সামনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন তিনি।
বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে রয়েছে দেয়াল ঘড়ি, শ্রেণি রুটিন, সাউন্ড বক্স ও শিক্ষাসামগ্রী সংরক্ষণের ট্রাংক। স্লিপের অর্থ ও নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ের দেয়াল, গ্রিল ও ছোট ফটক নির্মাণসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবেও সহযোগিতা করেছেন।
শিক্ষাক্ষেত্রে তার নিষ্ঠার পরিচয় পাওয়া যায় ছুটির হিসাবেও। ২০২৫ সালে তিনি মাত্র তিন দিন এবং তার আগের বছর দুই দিন নৈমিত্তিক ছুটি নিয়েছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শুধু বিদ্যালয় পরিচালনাই নয়, পাঠ্যপুস্তক উন্নয়নেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান।
২০১৫ সালে ২৪টি পাঠ্যবই পর্যালোচনা করে ১৫৯টি ত্রুটি চিহ্নিত করেন এবং সংশোধনের পরামর্শ দেন। পরবর্তীতে বই পুনর্মুদ্রণের সময় তার অনেক পরামর্শ গ্রহণ করা হয়।
শিশুদের সৃজনশীলতা বিকাশে তিনি চালু করেছেন ‘লিটল সেলিব্রিটি’ নামের একটি ব্যতিক্রমী উদ্যোগ। শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষেই অনুচ্ছেদ লিখিয়ে তা জাতীয় দৈনিকে প্রকাশের ব্যবস্থা করেন। প্রকাশিত লেখা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীদের পছন্দের পেশা নিয়ে বক্তব্য উপস্থাপনের আয়োজন করে তাদের স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে সচেতন করে তোলেন। শিশুদের কল্পনাশক্তি ও ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য শ্রেণিকক্ষে ছবিভিত্তিক গল্প বলার কার্যক্রমও পরিচালনা করেন।
প্রধান শিক্ষক নাসরিন সুলতানা শিশু-কিশোরদের জন্য গল্প ও উপন্যাস রচনা করেছেন। তার লেখা বই জাতীয় গ্রন্থকেন্দ্র ও সরকারি গণগ্রন্থাগার সংগ্রহ করেছে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য তার বই ব্রেইল সংস্করণেও প্রকাশিত হয়েছে। তার রচিত নাটক বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, বাংলা একাডেমি এবং বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান তার লেখা প্রকাশ করেছে।
বিদ্যালয়ের সাফল্যের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, “এই অর্জন শুধু আমার নয়। বিদ্যালয়ের আটজন সহকারী শিক্ষক অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা এ সাফল্য অর্জন করেছি।”
শিক্ষার উন্নয়ন, সৃজনশীল উদ্যোগ এবং শিক্ষার্থীদের প্রতি গভীর দায়িত্ববোধের কারণে উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com