নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বরিশালের বানারীপাড়া উপজেলায় কৃষকদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সুমনের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত সুমন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ফেরিঘাট থেকে বন্দর বাজারের দিকে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা, মাথায় সেলাই ও ড্রেসিং শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে পাঠান।


আহত সাকিবুল ইসলাম সুমনের অভিযোগ, তিনি ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে ফেরিঘাট থেকে বন্দর বাজারে যাচ্ছিলেন। এ সময় চাখার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং পৌর যুবদল নেতা আব্দুর রহিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি সঙ্গে থাকা ব্যাংকে জমা দেওয়ার টাকাও ছিনিয়ে নেয় বলে তিনি দাবি করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে ঘটনাস্থলে পড়ে যান।
আহতের স্ত্রী অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় বানারীপাড়া উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকদলের এক নেতার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com