হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি : | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে অনিয়ম ও জনদুর্ভোগের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় গোবিন্দপুর চৌরাস্তা,কিশোরগঞ্জ–হাজীপুর সড়কে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া, জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা নেতা এবায়দুল ইসলাম। বক্তারা বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানাচ্ছেন। বর্তমানে এসএসসি ও আলিম পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে অন্ধকারে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। তারা আরও বলেন, বিদ্যুৎ খাতে লুটপাট ও দুর্নীতি বন্ধ করে ন্যায্য ও সমবণ্টনমূলক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল অবিলম্বে বাতিল করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি হিসেবে রাজপথ অবরোধ করা হবে। শেষে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com