ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ রাহিজুল ইসলাম | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামীম মিয়া (৩২) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানের সময় শামীম মিয়া এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালানোর সময় পায়ে আঘাত পান তিনি। পরে পুলিশকে ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন শামীম। তাকে ধরতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ চালায় পুলিশ। একপর্যায়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী টহলকালে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুজন পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক ট্রাক শ্রমিকদের মধ্যে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com