শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার গণিত ও ইংরেজি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের পর আবারও সেসব খাতা পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে নিয়ে খাতা দেখানো হয়েছে বলে বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে।
বোর্ড সূত্রের দাবি, এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। আবেদন করা খাতাগুলো কয়েক ধাপে শিক্ষকদের দিয়ে পরীক্ষা করা হয়। তবে ওই প্রক্রিয়া শেষ হওয়ার পরও ‘আশানুরূপ’ ফল না আসায় পুনর্নিরীক্ষণ করা খাতাগুলো আবারও পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বোর্ডের কর্মকর্তাদের কয়েকজন বলছেন, একই খাতা দ্বিতীয় দফায় দেখার জন্য রাতে একসঙ্গে এত শিক্ষককে ডেকে কাজ করানোর ঘটনা নজিরবিহীন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে সাংবাদিকরা রাজশাহী শিক্ষা বোর্ডে গেলে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও ভেতরে অবস্থান করতে দেখা যায়। তবে সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় তাঁরা প্রধান ফটক থেকেই ফিরে আসেন।
পরে প্রধান ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন।
খাতা পুনর্নিরীক্ষণের কাজ শেষ হওয়ার পরও আবার কেন খাতা দেখা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বলেন, “খাতা দেখে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমাদের মনে হয়েছে আরও দেখা দরকার। ভালো করে দেখা দরকার। ইংরেজি আর অঙ্কের খাতা অনেক বেশি ফেল করেছে এবং অনেক খাতা। সেগুলো দেখতে একটু দেরি হয়েছে।”
রাতে শিক্ষকদের ডেকে কাজ করানোর বিষয়ে তিনি বলেন, “দিনে শিক্ষকেরা চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আমাদের মনে হয়েছে সুবিধামতো সময়ে সন্ধ্যার পরে তাঁদের দিয়ে কাজ করানো যেতে পারে। বুধবার মার্ক হস্তান্তর করতে হবে। সময় একেবারে নেই।”
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে পাস করে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ এবং ছাত্রদের ৫৭ দশমিক ৩৩ শতাংশ।
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১৭ আগস্ট পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৮ হাজার ৭১০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ইংরেজি ও গণিত বিষয়ে আবেদন ছিল সবচেয়ে বেশি।
বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তবে পুনর্নিরীক্ষণের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পর একই খাতা আবার পরীক্ষা করার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, এর লিখিত কোনো নির্দেশনা রয়েছে কি না এবং পুনরায় খাতা দেখার ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করা হয়েছে—এসব বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com