সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী এলাকায় সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জাতীয় দৈনিক দিনকালের চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল।
রবিবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা অভিযোগে বলা হয়, উপজেলার বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বীজ সংলগ্ন এলাকার বাসিন্দা সাইদ আলী মোল্যা, পিতা- হাতেম মোল্যা, গত কয়েক মাস ধরে সরকারি খালে বালু ফেলে ভরাট করে ভোগদখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, খালটি ভরাটের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে এর অপর প্রান্তের প্রায় ৮০০ মিটার এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পানি আটকে থাকায় সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি মশা-মাছি ও সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মোস্তফা কামাল বলেন,
“সরকারি খাল ব্যক্তি বা গোষ্ঠীর দখল করার সুযোগ নেই। খালটি ভরাটের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তি পোহাচ্ছে। দ্রুত সরকারি খাল উদ্ধার এবং দখল-ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেছি। জনস্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
তিনি আরও বলেন, “সরকারি খাল রক্ষা করা শুধু প্রশাসনের নয়, আমাদের সবার দায়িত্ব। খাল দখল ও ভরাট বন্ধ করা না গেলে ভবিষ্যতে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং কৃষি উৎপাদনে মারাত্মক বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।”সরকার খাল খননের উদ্যোগ নিলেও এখানে খাল ভরাটে প্রতিযোগিতা নেমেছে ও সাধুর চক্র।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগপত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারি সোহেল তাগ্রহণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com