সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা। | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলায় দেখা দিয়েছে দ্বিমুখী চিত্র। একদিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা, অন্যদিকে পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ছাত্রদল কর্মী। সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল কর্মী সাইফুল আলম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তাকে নতুন কমিটিতে রাখা হয়নি। তিনি বলেন, যে কমিটিতে আমার সভাপতির পদই প্রাপ্য ছিল, সেই কমিটিতে আমার নামই নেই। আজ যারা বিভিন্ন পদে এসেছে, তাদের অনেকেই আমার পরে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়েছে। সাইফুল আলম আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নয়টি মামলার আসামি হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন।
তিনি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী ও মাঠপর্যায়ের কর্মীদের মূল্যায়ন করা উচিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, লিমন তালুকদার, ছাত্রদল নেতা ফাহিম মাতুব্বর, নাইম মাতুব্বর, রনি সরদারসহ কর্মী-সমর্থকেরা। এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ছাত্রদলের কমিটি সব সময় সমসাময়িক যোগ্য ছেলেদের নিয়েই করা হয়। এখানে ও তার ব্যত্যয় হয়নি। অন্যদিকে একই দিন বিকেলে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সালথা সদরের বাইপাস সড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘আই লাভ’ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনন্দ সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়।
নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি আরিয়ান ইসলাম হৃদয় ও রাজীব হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন লিঠুসহ অন্যান্য নেতারা। সমাবেশে বক্তারা নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। নতুন কমিটি ঘোষণার পর একদিকে আনন্দ-উচ্ছ্বাস, অন্যদিকে পদবঞ্চনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন দুই ভিন্ন প্রতিক্রিয়ায় সালথা উপজেলা ছাত্রদলের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com