আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামের এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সালাউদ্দিন নামের আরেক কর্মী। ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত সালাউদ্দিন ছাত্রশিবিরের কর্মী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সালাউদ্দিন এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল ও তার লোকজন হামলা করলে সাইফুল ও সালাউদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় অত্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com