পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবিরকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত শনিবার (১০ ই আগস্ট) পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি ওই দিন রাতে সাংবাদিকদের কাছে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ৫ আগষ্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আপনার বিরুদ্ধে (হুমায়ন কবির) বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাট ও হুমকি-ধমকি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তার প্রেক্ষিতে আপনাকে গত ৮ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছিল ।
তার প্রেক্ষিতে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আরোপিত অভিযোগে ভিত্তিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো । জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবিরকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।