কুমিল্লার মুরাদনগরে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পর গলা কেটে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ। মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর দক্ষিন পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার সকালে পাশের ঘরের চকিতে হাত-পা বাঁধা গলাকাটা অবস্থায় মেয়ের লাশ পরে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা বারোটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার শিকার নিহত কিশোরী ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে রাবেয়া আক্তার (১৫)।
নিহত রাবেয়ার বাবা জাকির হোসেন বলেন, আমার মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলগা (ছোট) ঘরে কেউ থাকতো না। সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় রাবেয়ার মৃতদেহ পরে আছে খাটের উপরে। আমাদের কান্নাকাটির আওয়াজ শুনে আশে-পাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশকে ফোন দিলে তারা আমাদের বাড়িতে আসে।
হাত-পা বেঁধে মেয়েটিকে গলা কেটে হত্যা করা হয়েছে জানিয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। গতকাল দিবাগত রাত বারোটার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।