গাইবান্ধায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছিলো উৎসুক জনতার উপছে পড়া ভিড়। গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী যুব সমাজের আয়োজনে বালাসীঘাটের ব্রহ্মপুত্র নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে যমুনা এক্সপ্রেস বগুড়া, দ্বিতীয় স্থান অধিকার করে শেরে বাংলা জামালপুর, তৃতীয় স্থান অধিকার করে চাঁদের আলো কুড়িগ্রাম নামের নৌকা দল। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার উপভোগ করার জন্য দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু কিশোরসহ সর্বস্তরের লোকজন ভিড় জমান।

এছাড়া নৌকা খেলাকে ঘিরে বসে ছিল হরেক রকমের অস্থায়ী দোকান। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট-বড় মিলে ৯টি নৌকা অংশগ্রহণ করে। প্রথম পুরস্কার হিসাবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরষ্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি ৩২” এলইডি টিভি ও চতুর্থ পুরষ্কার একটি ২৪” এলইডি টিভি তুলে দেন আয়োজকরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি সাদেকুল ইসলাম নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল করিম দোলন, ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান হোসেন শহীদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাবেক সভাপতি সাইদুর রহমান ডিপটি, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটনসহ অনান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। নৌকা বাইচ দেখতে আসা জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকা খেলা দেখতে পেলাম।

হাজার হাজার মানুষের ভীড়ে এ খেলা দেখার মজাই আলাদা। আমি চাই প্রতি বছর এই নৌকা খেলা চালু হোক। গ্রাম বাংলায় ফিরে আসুক পুরনো এই ঐতিহ্যবাহী সংস্কৃতি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}