নেত্রকোণা পৌর শহরের অজহর রোড এলাকায় ট্রাক থেকে চাঁদা আদায় ও মালামাল লুটের অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টা নাগাদ তাদের আটক করা হয়। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোণা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার ভয়েস সেভেনকে মঙ্গলবার বিকেল পৌনে ৪টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 আটককৃতরা হলেন- নিউ টাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে জুনু খান মিল্কি এবং  বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)।

ট্রাকচালক মো. হোসেন আলী গণমাধ্যমে  বলেন, রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে নেত্রকোণা পৌর শহরের অজহর রোড এলাকায় মঙ্গলবার ভোর ৩ টায় পৌঁছান। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন  দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে।

চাঁদা না দেওয়ায় তারা মালামাল লুট করা শুরু করে।  একপর্যায়ে ফোনে পণ্যের মালিককে জানানোর পর সেনা সদস্যরা এসে দুজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে লুট হওয়া মালামালের মধ্যে ৯৩ টি গুড়ের বক্স, গুড়ের টিন ৪০ টি, রসুন ২বস্তা, ৩ বস্তা পেঁয়াজ উদ্ধার করে জব্দ করে সেনাবাহিনী। এসময় আটককৃতদের ব্যবহৃত ২টি মোটরসাইকেলও জব্দ করে সেনাবাহিনী।

লুট হওয়া মালামালের ব্যাপারে ব্যবসায়ী দিলীপ সরকার ভয়েস সেভেনকে জানান,  অভিযুক্তরা ভোররাতে তার মালামাল লুট করে নিয়ে যায়। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে লুট হওয়া মালামাল উদ্ধার করে।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ ভয়েস সেভেনকে জানান,   মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}