নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের শিমুলাঠি গ্রামের রমজান বিশ্বাসের ছেলে মাছিন বিশ্বাসের হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
শনিবার (২৬ অক্টোবর) নিহত মাছিন বিশ্বাসের পরিবার ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাতে পাচপাই বাজার সংলগ্ন একটি ডোবায় মাছ মারাকে কেন্দ্র করে একই এলাকার আরিফ ও শামীমসহ বেশকয়েকজনের হামলায় গুরুতর আহত হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১ টা নাগাদ মারা যায়। এঘটনায় জড়িতরা ইতিমধ্যেই এলাকা ছেড়ে পালিয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী শনিবার দুপুরে জয়যাত্রা টেলিভিশনকে জানায়, আরিফ ও শামীম দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত।
মাছিন ইতিপূর্বে তাদের এসব কার্যক্রমে প্রতিবাদ করায় তাদের মাঝে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। যার পরিপ্রেক্ষিতে মাছিনকে হত্যা করে আরিফ, শামীমসহ দলবদ্ধ সন্ত্রাসী চক্র। এঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। মাছিনের পরিবার ও এলাকাবাসী এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জয়যাত্রা টেলিভিশনকে শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ জানিয়েছেন, অলি নামে এক যুবককে এঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। তবে মাছিনের পরিবার থেকে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিব।