২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যার কারণ হিসেবে উল্লেখ করা হয় হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল।
এবার সেই নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনবার্সনের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে। গত রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ক্যাম্পাস এলাকায় নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’ এর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মী। ওই বৈঠকের কয়েকটি ছবি এ প্রতিবেদক এর কাছে রয়েছে।
ছবিতে দেখা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রক্তিম গ্রুপের অনুসারী ইংরেজী বিভাগের ইমরান মাহমুদ, রায়হান, মুহিব ও শিহাব-মঞ্জু গ্রুপের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আজমাইন সাকিবসহ বেশ কয়েক জনের সাথে ফটো সেশন ও গোল টেবিল বৈঠক করেন ছাত্রদলের এই নেত্রী। যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হামলা, মারামারি, সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাস্টিষ্ট আওয়ামী লীগ সরকারের। এরপরই থেকেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা গা ঢাকা দেন। তবে বর্তমানে ওই ছাত্রলীগ নেতারা রাতারাতি ভোল পাল্টে সক্রিয় হচ্ছেন ছাত্রদল নেতা-কর্মী হিসেবে।
বিশ্ববিদ্যালয় একাধিক বিশ্বত্ব সূত্রে জানা যায়, সদ্য বিলুপ্ত ববি ছাত্রদল কমিটির সদস্য ছিলেন বাংলা বিভাগের আরিফ হোসেন শান্ত। তিনি পদধারী ছাত্রদল নেতা হলেও গত ৫ আগস্ট পূর্বে ছাত্রলীগের সাথে সক্রিয় হয়ে মিছিল মিটিংয়ে অংশ নিতেন। আর বিভিন্ন সময়ে ছাত্রলীগের মিছিলের স্লোগানও ধরতে দেখা যেত। যার ভিডিও এ প্রতিবেদক এর কাছে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ববি ছাত্রদলের এক নেতা জানান, ববি ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত কমিটিতে পদ থাকাবস্থায় তিনি ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাদের সাথে আঁতাত করে সকল সুযোগ সুবিধা ভোগ করেছেন। আর বর্তমানে ওই ছাত্রলীগ নেতাদের ছাত্রদলের নেতা-কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি বিশেষ ভূমিকায় অবর্তীন হচ্ছেন।অনুসন্ধানে জানা যায়, গত বছরের (২৬ ডিসেম্বর) ফেসবুকে আপলোড করা ছবিতে ‘হা হা’ রিয়্যাক্টে সহপাঠীকে মারধর করে নাক ফাটিয়ে দেয় আরিফ হোসেন শান্ত। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফুলের শুভেচ্ছা জানাতে গিয়েও সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এই শান্ত।
এসকল বিষয়ে গতকাল রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মী জানান, ইমরান মাহমুদ, রায়হান, ও আজমাইন সাকিব এর পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং এই ছেলেগুলো বিগত দিনগুলোতে আমার সাথেই রাজনীতি করে আসছে। ওদের নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। তবে ছাত্রদল নেতা আরিফ হোসেন শান্ত এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ জানান, ছাত্রদলের সাথে ছাত্রলীগের সখ্যতার কোন সুযোগ নেই। তবে যদি কোন কেন্দ্রীয় নেত্রী এরকম কোন কাজের সাথে জড়িত হয় সেটা দু:খ জনক। আশা রাখি কেন্দ্রীয় সংসদ এ বিষয়ে ব্যবস্থা নিবে।