জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস দীর্ঘদিন জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে ওই জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।
৩০ অক্টোবর বুধবার দুপুর ২টায় জবি ছাত্রদলের নেতা কাজী জিয়া উদ্দিন বাসেতের নেতৃত্বে বর্জ্য অপসারণ কাজ শুরু করা হয় এবং পরবর্তীতে বৃক্ষরোপণ করা হয়।এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে বিভিন্ন সচেতনতামূলক ফ্যাস্টুন লাগানো হয়।
কর্মসূচির নেতৃত্বদানকারী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে ময়লার স্তূপ অপসারণের জন্য বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করা হলেও তা সম্ভবপর হয় নি। আমরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা করে বেশ কিছুদিন অপেক্ষা করি এবং তারপর নিজেরাই উদ্যোগ নিই। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ গড়তে সাহায্য করবে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি রোমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান বিন হক অনিক, আহসান মল্লিক, তুষার পাল,সবুজ শাহরিয়ার, রাশেদ বিন হাসিম, আহমেদ কাওসার আকাশ, মিয়া রাসেল, রাশেদুল ইসলাম রাহাত, সহ-সাধারণ সম্পাদক মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান সাগর, জাহিদ হাসান, শাহীন, তানভীর, রাফিল, অনিকসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।