কিশোরগঞ্জ জেলা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে নিয়োগ পেয়েছেন কুলিয়ারচর উপজেলার বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক, লেখক ও কলামিস্ট মুহাম্মদ শাহ্ আলম।

গত ৩০ অক্টোবর বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এতথ্য জানা গেছে।
এপিপি পদে নিয়োগ পাওয়া এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ২০১৩ সালের এপ্রিল (মাস) কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছিলেন। তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং কুলিয়ারচর প্রেসক্লাবের সাবেক আইন বিষয়ক সম্পাদক।
মুহাম্মদ শাহ্ আলম ১৯৬৭ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মো. নূরুল আমীন এবং মাতা মোছা. হাছেনা বেগম। গ্রামেই লেখাপড়া শুরু এবং গ্রামের আলো-আবহাওয়া ও জনজীবনের মাঝে তার বেড়ে উঠা। ছাত্রাবস্থাতেই লেখালেখি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের সাথেও তার সখ্যতা। সেসময় সামাজিক সংগঠন ‘ছয়সূতী যুবক সমিতি ও ‘প্রত্যয় সমাজকল্যাণ সমিতি সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখ ও আশা- আকাংকার প্রতি তার মমত্ববোধ ও সচেতনতাই সামাজিক আন্দোলন ও সাংবাদিকতায় আত্মনিয়োগে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। একসময় তিনি ইউনাইটেড ফর সোশ্যাল এডভান্সমেন্ট (উষা) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে এর সভাপতির দায়িত্ব পালন করেন। একজন সংস্কৃতিসেবি হিসাবে সমাজের অসঙ্গতি দূরিকরণে ও শিক্ষার প্রসারে নাটক মঞ্চায়নের মাধ্যমে তিনি এলাকায় উলেখযোগ্য ভূমিকা রাখেন। কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৩ খ্রিষ্টাব্দে এসএসসি, ১৯৮৫ খ্রিষ্টাব্দে এইচএসসি ও ১৯৮৭ খ্রিষ্টাব্দে তিনি বিএ ডিগ্রি লাভ করেন।
২০০৪ খ্রিষ্টাব্দে ‘সাপ্তাহিক কুলিয়ারচর’ পত্রিকা সম্পাদনার মধ্যদিয়ে শাহ আলম প্রত্যক্ষভাবে সাংবাদিকতায় প্রবেশ করেন। এর আগে সমাজ উন্নয়ন ও শিক্ষার প্রসারসহ নানা বিষয়ে বিভিন্ন মাসিক ও সাপ্তাহিক সাময়িকী ও পত্রিকায় তিনি লেখালেখি করেন। ঢাকা থেকে প্রকাশিত মাসিক এশিয়া ডাইজেষ্ট, দৈনিক আজকালের খবর, দৈনিক দিনকাল ও সাপ্তাহিক রোববার পত্রিকায় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের উপর তার লেখা প্রকাশিত হয়। এরই মধ্যে তিনি এল.এলবি পাশ করেন। এখনো তিনি, দৈনিক পূর্বকণ্ঠ, সাপ্তাহিক দুর্জয় দরশন, বিনোদনধর্মী পত্রিকা তারকা কণ্ঠ, দৈনিক দিনকাল, দৈনিক ইনকিলাব ও দৈনিক নয়া দিগন্তে লেখা- লেখি করছেন। এছাড়াও বর্তমানে তিনি দৈনিক মানবজমিন এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সাংবাদিক সমাজের কল্যাণে ভূমিকা পালন করার লক্ষ্যে উপজেলা প্রেসক্লাব গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন এবং বর্তমানে তিনি কুলিয়ারচর প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি পদে নিয়োগ পেতে যারা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত ও সাধারণ সম্পাদক এম এ হান্নান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম কিশোরগঞ্জ জেলা জজ আদালতের এপিপি পদে নিয়োগ পাওয়ায় কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শরীফুন নেছা শুভ্রা, সাংবাদিক মুছাম্মৎ রোকেয়া আক্তার, শাহীন সুলতানা, আলি হায়দার, মো. নাদিম, লোকমান হোসাইন, আলী সোহেল, মো. ইয়াছিন আরাফাত, প্রবীর চন্দ্র সূত্রধর, মো. সবুজ মিয়া, মো. জুয়েল মিয়া ও মোছা. নিলুফা আক্তার নীলা তাকে অভিনন্দন জানিয়েছেন।