ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে প্রশাসনের সর্বত্র ঢেলে সাজাচ্ছে ড. ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার,তবে পরিবর্তন এখন পররাষ্ট মন্ত্রণালয়েও। নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢেলে সাজানো হচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চীন, যুক্তরাজ্যসহ অন্তত ২১টি মিশনে রাষ্ট্রদূত পদে নতুন করে নিয়োগ দিচ্ছে নোবেলজয়ী ড. ইউনুসের সরকার। বেশিসংখ্যক রাষ্ট্রদূত পদে নিয়োগ ও রদবদলের ঘটনা এই প্রথম।
তবে রাষ্ট্রদূত নিয়োগের তালিকা নিয়ে ইতোমধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া ।সমর্থিত সূত্র নিশ্চিত করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেই এক ধরনের অসন্তোষ দানা বেধেছে। সূত্র জানায়, ইতোমধ্যে একাধিক মিশনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত মাসে বেলজিয়াম, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরসহ আরও ১২ দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন ওই ১২ রাষ্ট্রদূতের মধ্যে ১০ জনের নাম সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতির জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়। এ ছাড়া ইতিমধ্যে পর্তুগালে সাবেক সচিব মো. মাহফুজুর রহমানের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
এ ছাড়া সূত্র জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য ও সৌদি আরবসহ ৮টি দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের নামের প্রস্তাব সংশ্লিষ্ট দেশের সম্মতির জন্য সেই দেশগুলোয় পাঠানো হয়েছে। জানা গেছে,নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৮ জনই পেশাদার কূটনীতিক, ১ জন নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, সাবেক সচিব ১ জন ও সাংবাদিক ১ জন। সূত্র বলছে, যথাযথ অনুমোদন সাপেক্ষে ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলমকে যুক্তরাষ্ট্রে, ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলামকে চীনে, মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ব্রিটেনে, রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে জাপানে, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম দেলোয়ার হোসেনকে সৌদি আরবে, আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলকার নাইনকে জার্মানিতে, ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহনাজ গাজীকে রোমানিয়ায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থাসমূহের মহাপরিচালক তারেক আহমদকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর জন্য হোস্ট কান্ট্রির সম্মতি চাওয়া হয়।
এর মধ্যে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবিত দূতকে গ্রহণে এরই মধ্যে অনাপত্তি জানিয়েছে। তা ছাড়া রাষ্ট্রাচার প্রধান খন্দকার মাসুদ আলমকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ অনুবিভাগ) তৌফিক হাসানকে অস্ট্রিয়ায়, মহাপরিচালক (আঞ্চলিক সংস্থা অনুবিভাগ) রইস হাসান সরওয়ারকে বাহরাইনে, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম এনডিসিকে ব্রাজিলে, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদাকে ইরাকে, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে মেক্সিকোয়, ব্রাজিলের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসাকে নেপালে, বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিমকে ওমানে, নিউইয়র্কে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি তৌফিক ইসলাম শাতিলকে দক্ষিণ কোরিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অনুবিভাগ) ফেরদৌসী শাহরিয়ারকে সিঙ্গাপুরে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
তাছাড়া নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দীন নোমান চৌধুরীকে এবং ওআইসিতে নব প্রতিষ্ঠিত (আগে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ওআইসিতে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন) স্থায়ী প্রতিনিধি হিসেবে মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এমজেএইচ জাবেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ২১ রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত করলেও বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ দিল্লির হাইকমিশনে কাকে পাঠানো হবে, সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। ভারতের পাশাপাশি রাশিয়াসহ অন্তত আরও ছয়টি মিশনের রাষ্ট্রদূত পদগুলো এ মুহূর্তে খালি রয়েছে।
সমর্থিত সূত্র থেকে জানা যায়,বৃটেনের হাইকমিশনার কে হচ্ছেন, এটা নিয়ে সবার আগ্রহ উদ্দীপনা ও উচ্ছ্বাস ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্থ সূত্র থেকে জানা যায়, লন্ডন নিয়োগ পাচ্ছেন পেশাদার ও সফল, মেধাবী কূটনীতিক আবিদা ইসলাম। লন্ডন প্রবাসীরা অনেকেই মনে করছেন পেশাদার কূটনীতিক আবিদা ইসলামের নিয়োগের ফলে বৃটেন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত, টেকসই ও শক্তিশালী হবে।যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো উষ্ণ ও বন্ধুপ্রতিম হবে এমনটি আশা করছেন তারা।