গাইবান্ধায় জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মন্ডল (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল হাকিম আজাদ।

গ্রেফতারকৃত শাহাবুদ্দিন মন্ডল সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মৃত শামস উদ্দিন মন্ডলের পুত্র। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানার অফিসার ইনচার্জ আবদুল হাকিম আজাদ
জানান, এজাহার নামীয় আসামি শাহাবুদ্দিন মন্ডলকে শুক্রবার (৮ নভেম্বর) রাতে গ্রেফতার করা হয়। এরপর শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}