চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানা গ্রামের তেলিপাড়া এলাকায় একটি সুইস গেট প্রকল্পের খালে মোঃ বদিউল আলম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মোঃ বদিউল আলম পেশায় দিনমজুর ও ছোট ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি ওই প্রকল্পে চৌকিদার হিসেবে কাজ করতেন। তার দুই সন্তান রয়েছে।
মোঃ বদিউল আলমের ছোট ছেলে মোঃ কবির হোসেন সালমান জানান, গত রোববার (৮ ডিসেম্বর) দুপুরে খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। জানা যায়, রামুতে ছাগল কেনার উদ্দেশ্যে বের হওয়ার কথা ছিল তার। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে সুইস গেট প্রকল্পের খালে তার লাশ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে আমার বাবার লাশ উদ্ধার করি।
এলাকাবাসী জানান, বদিউল আলম একজন সৎ ও ভদ্র মানুষ ছিলেন। তার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী মেলিটারি পুল সংলগ্ন চরকানা গ্রামে সুইস গেট প্রকল্পের টেন্ডার গ্রহণ করেছিলেন মুরাদ সাহেব নামে এক ব্যক্তি। তিনি আট মাস আগে মোঃ বদিউল আলমকে চৌকিদার হিসেবে নিযুক্ত করেন।লাশ উদ্ধারের আগের দিন সোমবার (৯ ডিসেম্বর) বদিউল আলমের বড় ভাই নুরুল আলম মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তিনি বলেন, “মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”