জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সঙ্গীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. রশিদুন নবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শীর’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় শোভাযাত্রার পর গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভায় ড. রশিদুন নবীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধনা পেয়ে ড. রশিদুন নবী বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি। এই যুদ্ধের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে।” তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছি, আজকের প্রজন্মের কাছ থেকে দেশপ্রেম এবং দায়িত্বশীল ভূমিকা আশা করি।”

এ সময় উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের গর্বের প্রতীক। তাঁদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে সমৃদ্ধ করতে আমাদের ন্যায়, সমতা ও অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে কাজ করে যেতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মোমেন।

বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদানের এই আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পরিবারে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}