সংসারে চরম দরিদ্রতা। আবাদী জমি-জমা না থাকায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। বর্তমানে গ্রামে তেমন কাজ নেই। তাই জীবন-জীবিকার তাগিদে যেতে হয় টাক্টরের হেলপারের কাজে। সারা দিনের কাজ শেষে সন্ধ্যায় বাজার নিয়ে বাড়ি ফিরবে এমন আশায় পথ চেয়ে প্রতিক্ষায় ছিল পরিবার। কিন্তু বাড়ি ফেরা হলো না। জীবনের নির্মম পরিহাস! ট্রাক্টরে বালু তোলার সময় বালুর নীচে চাপা পড়ে প্রাণ দিতে হলো আব্দুল ওয়াহেদ (৫৫) কে। এ ঘটনায় গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া। মৃত আব্দুল ওয়াহেদকে এক নজর দেখতে অসংখ্য নরনারীর ভীড় জমে তার বাড়িতে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে। আব্দুল ওয়াহেদ উপজেলার চন্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের ন্যায় সোমবার সকালের দিকে আব্দুল ওয়াহেদ টাক্টরের সাথে করতোয়া নদীর তীরে বালু তুলতে যায়। ট্রাক্টরে বালু তোলার এক পর্যায়ে উপর থেকে একটি বালুর স্তর ভেঙ্গে পড়লে এর নিচে চাপা পড়েন আব্দুল ওয়াহেদ।

এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথেই তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}