বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী বাকৃবি সংসদের ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাড়ে ওই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনটির উদ্বোধনী ঘোষণা করেন । এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং একই সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ।
এরপর পশু পালন অনুষদীয় গ্যালারিতে উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল অধিবেশন এর আয়োজন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার উপস্থিত ছিলেন। এছাড়াও এছাড়াও উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক সারওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আব্দুস সালাম রিপন, কেন্দ্রীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. আ খ ম গোলাম সারওয়ার ও প্রাক্তন সহসভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল আলম উপস্থিত ছিলেন।
এসময় উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি প্রবীর সরদার তার বক্তৃতায় বলেন, ‘উদীচীর মূল কাজ হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চা করা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা। উদীচী শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন।’