চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল লাইনের পটিয়া উপজেলার গিরি চৌধুরী বাজার এলাকায় রেলওয়ের বেশ কয়েকটি পিলার উঠিয়ে লেভেল ক্রসিং (পথ) সৃষ্টির অভিযোগ ওঠেছে। পটিয়া পৌরসভা যুবদল নেতা এসএম রেজা রিপন রেলওয়ের গুরুত্বপূর্ণ পিলার উপড়ে ফেলে শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে যে কোন সময় বড় ধরণের রেল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় ৮ জানুয়ারি (বুধবার) দুপুরে রেলওয়ের চট্টগ্রাম জিআরপি থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় নাজিম উদ্দিন নামের একব্যক্তি।
জরুরী ভিত্তিতে গিরি বাজার লেভেল ক্রসিং পথটি বন্ধ করা না হলে ট্রেন লাইনচ্যুতসহ বড় ধরনের দুর্ঘটনায় হতাহতের আশংকা করছেন। জিআরপি থানা সুত্রে জানা গেছে, রেলের চট্টগ্রাম-কক্সবাজার লাইনের পটিয়া উপজেলার গিরি চৌধুরী বাজারের উত্তর পাশে রেলের বেশ কয়েকটি পিলার উঠিয়ে একটি লেভেল ক্রসিং করেছে পটিয়ার যুবদল নেতা রিপন। যেখানে লেভেস ক্রসিং পথ সৃষ্টি করেছেন সেখানে একটি দুর্ঘটনা ঘটে ছিল। তারপর লেভেল ক্রসিং করে প্রতিদিন সকাল বিকেল বালু ভর্তি পিকআপ চলাচল করছে।
অভিযোগ ওঠেছে, যুবদল নেতা এসএম রেজা রিপন বিএনপির দাপট দেখিয়ে ও পটিয়া স্টেশন মাস্টারকে ম্যানেজ করে রেলের পিলার উঠিয়ে পথটি সৃষ্টি করেছেন। এ লেভেল ক্রসিং এ যে কোন সময় লাইনচ্যুতসহ দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগের বিষয়ে যুবদল নেতা এস এম রেজা রিপনের কাছ থেকে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, অভিযোগকারী নাজিম উদ্দীনের সাথে তার ব্যক্তিগত বিরোধ রয়েছে। তার সাথে আমার মামলা মোকাদ্দমা চলমান রয়েছে।
নাজিম উদ্দীন একজন সিএনজি চোর তার বিরুদ্ধে গাড়ি চুরির মামলা রয়েছে। আমাকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে হেয় করার জন্য এটা করা হচ্ছে। অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই বলে দাবি করেন। চট্টগ্রাম জিআরপি থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম-দোহাজারী লাইনের পটিয়ার গিরি চৌধুরী বাজারের উত্তর পাশে একটি লেভেল ক্রসিং করার বিষয়টি লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সঠিক হয়ে থাকলে রাষ্ট্রীয় সম্পদ নষ্ঠ করা এবং কোন ধরণের দুর্ঘটনা ঘটলে যুবদল নেতাকে দায় নিতে হবে।