গাইবান্ধায় শামীম হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের গাফিলতি ও অনাগ্রহের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় সচেতন এলাকাবাসী ও ছাত্রজনতার আয়োজনে গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুর বাজারে এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নিহত শামীমের বাবা রাঞ্জু, চাচা রবিন হোসেন লিটন, দাড়িয়াপুর বন্দর ব্যবসায়ী শহিদুজ্জামান রিজু, সদর বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ, খোলাহাটি ইউনিয়ন বিএনপি নেতা মৃদুল সহ অনেকে।
২ ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার ঘটনাস্থলে পৌছে ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা এ কর্মসুচী প্রত্যাহার করে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর তারচুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আফজালগং শামীমকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে।পরে ২৪শে ডিসেম্বর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মৃত্যু বরণ করেন।