শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইনকিলাব মঞ্চ। তারা দ্রুততম সময়ের মধ্যে লাকিকে গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়েছেন। আজ বুধবার (১২ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। সেখানে সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য দেন এবং লাকি আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জবি ইনকিলাব মঞ্চের মিডিয়া সম্পাদক মাসুদ রানা বলেন, “২০১৩ সালে তারা যেভাবে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল, ২০২৪ সালের বিপ্লবোত্তর সময়েও সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের মদদদাতা এই গোষ্ঠীকে প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই বিপ্লবের যোদ্ধারা মরে যায়নি। দ্বিতীয়বার শাহবাগ উত্থান আমরা যেকোনো মূল্যে ঠেকাবো।” সংগঠনটির সদস্য সচিব শান্তা আক্তার বলেন, “তারা বরাবরই দেশে অরাজকতা সৃষ্টি করেছে এবং বিভিন্ন সময়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দ্রুত লাকির শাস্তি নিশ্চিত করতে হবে।” আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, “২০১৩ সালে একদল দেশদ্রোহী বিচার ব্যবস্থাকে কলুষিত করে ভিন্ন মতের মানুষদের হত্যা করার বৈধতা দিয়েছিল। সেই উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীরা আবারও রাজপথে নেমে জুলাই আন্দোলনের শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে। তবে তারা মনে রাখুক—এটি ২০১৩ নয়, এটি ২০২৫, নতুন বাংলাদেশের সময়। এখানে তাদের কিংবা তাদের পৃষ্ঠপোষকদের কোনো ঠাঁই নেই।” বিক্ষোভে সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন এবং লাকির দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}