দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিনজিরীতলা এলাকায় মানবতার ফেরিওয়ালার মুখোশ পরে প্রতারণার অভিযোগ উঠেছে আতাউল বারি কাদেরী নামে এক যুবকের বিরুদ্ধে।

৩১ মার্চ, শারীরিকভাবে অসুস্থ ও অর্থকষ্টে জর্জরিত ফরিদুর রহমান সিকদার নামে এক বৃদ্ধকে ৩০ হাজার টাকা সাহায্য করছেন—এমন একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন কাদেরী। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন তিনি এবং তাকে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে বলা হচ্ছে—”টাকা পেয়েছেন কি না!”

তবে ভিডিওর পরপরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গোপনে ধারণ করা এক ভয়েস রেকর্ডে শোনা যায়, ওই টাকা কেবল ভিডিওর জন্যই দেওয়া হয়েছিল এবং পরক্ষণেই তা কৌশলে ফেরত নিয়ে যান আতাউল বারি কাদেরী। রেকর্ডে তিনি স্বীকার করেন, “ভিডিও করেই টাকা ফেরত নিয়ে নেব, আগেই বলে দিয়েছিলাম। আমি শুধু চা খাওয়ার টা দিব বলছিলাম।”

ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ আকারে দাখিল করেছেন বলে জানান ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত কাদেরীর ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি প্রায়শই এমন অসহায় মানুষের পাশে থাকার ভিডিও পোস্ট করেন এবং সাহায্যের জন্য নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর শেয়ার করেন। এছাড়াও তার কিছু পোস্টে সহিংসতা বা হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। এক পোস্টে তিনি লেখেন—”বাজে কমেন্ট করলে এটা দিয়ে কোপাইবো”—যা সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ সম্পর্কে আতাউল বারি কাদেরী বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমি টাকা দিয়েছি, তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন—মানবতার নামে প্রতারণা, অসহায় মানুষের কষ্টকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}