গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। তবে আদালতে শাহ সারোয়ার কবির আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক। এর আগে, কড়া নিরাপত্তায় দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেওয়া হয় সাবেক এমপি সারোয়ার কবিরকে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ১ মার্চ থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। শাহ সারোয়ার কবিরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাড. নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, ‘গেলো বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি। কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবো।’ উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সারোয়ার কবির। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সারোয়ার কবির বাংলাদেশের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নাতি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}