চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নে চসিক মেয়র পদক্ষেপ নিয়েছেন। চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এই সভায় ডেন্টাল কলেজ বাস্তবায়নের সম্ভাব্য স্থান এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আবদুর রব, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডেন্টাল ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজ ডাঃ মনোজ কুমার বড়ুয়া, ডা. এস এম সারোয়ার আলম, ডা. মো. কামাল উদ্দিন, ডা. মো. আবুল হোসেন, ডা. রাহাত খান। প্রতিনিধি দলটি জানায়, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জায়গা দরকার।

এই লক্ষ্যে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম শহরের ভিতর কয়েকটি জায়গা পরিদর্শন করে। উক্ত কমিটির প্রস্তাবনায় চট্টগ্রাম ডেন্টাল কলেজের জায়গা বরাদ্দের জন্য রেলওয়ে হাসপাতাল, সি আর বি, চট্টগ্রাম; বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ২০ মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম; হামিদচর, চান্দগাঁও বন্দর মৌজা আনু: – (৭৩ একর খাস) সমন্বিত সরকারি অফিস স্থানান্তর, প্রস্তাবনা দাগ-১২০/১২১, চট্টগ্রাম; আমিন জুট মিলস এলাকা, চট্টগ্রাম এ চারটি স্থান প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়। প্রতিনিধি দলটির সাথে বিস্তারিত আলোচনার পর নগরীর সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে মেয়র সম্মত হন।

মেয়র বলেন, রোগীর অভাবে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে নগরীর সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালটি ধুঁকছে। এখানে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন করলে একদিকে বৃহত্তর চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবার পরিসর বৃদ্ধি পাবে পাশাপাশি হাসপাতালটিতে পর্যায়ক্রমে মেডিসিন, সার্জারি, ইএনটি, কার্ডিয়াক,নিউরোলজিসহ বিভিন্ন বিভাগ এবং আইসিইউ চালুর মাধ্যমে নগরীতে স্বাস্থ্য শিক্ষা ও সেবার আওতা বৃদ্ধি পাবে। এর ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর রোগীর চাপ হ্রাস পাবে এবং ঢাকার মতো চট্টগ্রামেও একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হবে। মেয়র সভা থেকে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এবং প্রতিনিধি দলটিকে পরবর্তী করণীয়ের বিষয়ে দিক-নির্দেশনা দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}