আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষে গাইবান্ধার বাদিয়াখালি এলাকায় কৃষি শ্রমিকদের উৎসর্গ করে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চ গাইবান্ধার আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর নেতৃত্বে এবং মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেকের সহযোগিতায় একটি ধারাবাহিক কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বাদিয়াখালি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং চকবরুন গঙ্গার মোড়ে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির গাছ রোপণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং কৃষি শ্রমিকদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সমাজসেবক মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট ফারুক কবীর, মানবাধিকার কর্মী জিনিয়া, পরিতোষ সরকার, হাসান মাসুদ মাসুম, দিপনসহ স্থানীয় ছাত্র-জনতা।
বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় ভূমিকা তুলে ধরেন।
তারা বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ অপরিহার্য।” এই কর্মসূচি নাগরিক মঞ্চ গাইবান্ধার একটি ধারাবাহিক উদ্যোগের অংশ, যা পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখছে।