গাইবান্ধার সাদুল্লাপুরে তরিকুল ইসলাম (৩৫) নামের এক পল্লিচিকিৎসককে অপহরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকা থেকে তাঁকে অপহরণ করেন একদল লোক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহরণের শিকার তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। গ্রামেই পল্লিচিকিৎসক হিসেবে তাঁর চেম্বার ও ওষুধের দোকান রয়েছে।

এ বিষয়ে ওই পল্লিচিকিৎসকের ছোট ভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মিলন ও সুমন নামে দু’জনের নাম উল্লেখ করে এবং ৭-৮জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার অপহরণ ও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রস্তুতি চলছে। ওসি আরও বলেন, অপহরণের শিকার তরিকুল ইসলামকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে। ঘটনার সময়ের ভিডিওটি দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাও চালানো হচ্ছে। তিনি বলেন, টাকাপয়সা লেনদেন–সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তরিকুল ইসলামকে টেনেহিঁচড়ে একটি অটোভ্যানে তুলছেন। তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যায়। ভ্যানে তোলার পর কেউ দাঁড়িয়ে, কেউ বসে তাঁকে ধরে আছেন। এ সময় আশপাশের কয়েকজন ঘটনাটি দেখতে থাকেন। তরিকুল তাঁদের সাহায্য চাইলেও সবাই দাঁড়িয়ে ছিলেন। একজন ভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তরিকুল বাড়ি থেকে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারে যাচ্ছিলেন। তিনি হাতি চামটার ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করেন। তাঁরা তাঁকে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে যান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}