গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে চাল জব্দসহ শাহাবুল ইসলাম সরকার সাবু নামে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

৬ মে মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

আটক শাহাবুল ইসলাম সরকার সাবু উপজেলার কামারদহ গ্রামের সাকোয়াত হোসেনের পুত্র। তিনি কামারদহ ইউনিয়ন শাখা বিএনপি’র সদস্য সচিব।

স্থানীয়রা জানান, শাহাবুল ইসলাম সরকার সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজ গুদামে মজুত করে রাখেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। এ অভিযানে ওই গুদাম থেকে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তাও জব্দ করেন। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক শাহাবুল ইসলাম সরকার সাবু’কে আটক করা হয়। জব্দকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}