প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের বন্ধনকে আরও দৃঢ় করতে “ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া” আয়োজিত “বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে গত ৫ মে ইনছন গ্রান্ড পার্কে।
পবিত্র কুরআনুল কারিম ও গীতা পাঠের মাধ্যমে দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হয় এবং বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দিনব্যাপী এই আয়োজনে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও জিএমই ফিন্যান্স এর স্পনসরে আকর্ষণীয় র্যাফেল ড্র।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনছন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জনাব শামীম ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তৌফিক ইসলাম শাতিল, এনডিসি। তাঁরা তাঁদের বক্তব্যে প্রবাসে জাতীয় সংস্কৃতি রক্ষায় এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।প্রধান উপদেষ্টা জনাব সানোয়ার হোসাইন বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের ভাষা, সংস্কৃতি ও উৎসবকে যেভাবে ধরে রাখছি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান উপহার।”
অনুষ্ঠানকে সফল করতে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইনছনের নামদুংগু প্রধান ইজংসুন দাউলবিট ইজুমিন জিওউনসেন্টার-এর সেন্টারজাং ও আইবিসিকে উপদেষ্টা কিম উন মি এবং ভুয়েলু এভিয়েশন-এর চেয়ারম্যান মি কিম ইয়াং ইয়ক।
এছাড়াও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের, যেমন: হাসিবুল কবির, এমএন ইসলাম, ইমন রহমান অহি, সরকার জামান নলেজ, আসাদুজ্জামান জুয়েল ভূঁইয়া, বোরহান উদ্দিন, রাজিব আহমেদ, কেবিজ প্রশিক্ষক শেখ মুরাদ হোসাইন ও সোলাইমান বিন রাসেল প্রমুখ।সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, আকতার রিয়া ও প্রিয়াঙ্কা জামান। স্থানীয় শিল্পী ইমরান এবং কোরিয়ান শিল্পী ইসরি ও শিশু শিল্পী পার্ক মিনহির পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। বৈশাখী নৃত্যে অংশ নেন হৃদিতোষ অধিকারী।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাবলীলভাবে সঞ্চালনা করেন অসীম কুমার দে এবং প্রিয়াঙ্কা জামান।“বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫” ছিল ইনছনে প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণের মিলনমেলা, যা সবাইকে দিয়েছে এক আনন্দময় ও স্মরণীয় দিনের অভিজ্ঞতা।