২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে জোরেশোরে। দেশের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ছুটে আসছেন মেধাবী শিক্ষার্থীরা। কিন্তু অনেকেই ভর্তি হতে পারছেন না শুধুমাত্র আর্থিক সংকটের কারণে। এমন হতাশার মুহূর্তে মানবিক হাত বাড়িয়ে দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।
সম্প্রতি নীলফামারির মেধাবী শিক্ষার্থী মোঃ শফিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২৫৪তম হয়ে ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু অর্থের অভাবে তার স্বপ্ন থমকে যেতে বসেছিল। ঠিক এমন সময়ে পাশে দাঁড়ান ছাত্রদল নেতা রবিউল আউয়াল। ভর্তি ফি থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সব ধরনের সহযোগিতা করে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেন।
ইতিহাস বিভাগের নতুন শিক্ষার্থী শফিক ইসলাম বলেন,“ আমি সত্যিই কৃতজ্ঞ। আমার মতো অনেকেই রয়েছেন, যাদের পাশে দাঁড়ানো জরুরি। যারা এমন সহায়তা করেন, তারাই প্রকৃত সমাজনায়ক।”
এ বিষয়ে রবিউল আউয়াল বলেন,“ সবার জন্য শিক্ষা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। দেশের কোনো ভাই-বোন যেন শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থী বান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা।
উল্লেখ্য, এর আগেও আরও ৫ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি সহায়তায় সক্রিয় ভূমিকা রেখেছেন রবিউল আউয়াল। তার এ ধরনের মানবিক ভূমিকা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রশংসিত হয়েছে।
শিক্ষা একটি মৌলিক অধিকার—এই বার্তা ছড়িয়ে দিতে ছাত্রদলের এমন মানবিক কার্যক্রম নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।