গাইবান্ধার সাদুল্লাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ জোনের অফিস কক্ষ থেকে সহকারী কোষাধ্যক্ষ জনি বাবু (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শনিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার। জনি বাবু চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামের মৃত. হারুন-অর-রশিদের ছেলে। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সাদুল্লাপুর উপজেলা জোনের সহকারী কোষাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। উপজেলা পরিষদের অদুরে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।
ওই অফিসের নৈশ প্রহরী আবু তাহের মিয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা মোড়ের একটি ফটোষ্ট্যাট দোকানের কর্মচারী খলিল মিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের দ্বিতীয় তলায় সহকারী কোষাধ্যক্ষ মোঃ জনি বাবুর অফিস কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে খলিল মিয়া বিষয়টি তাকে জানান। তিনি আরও জানান, পরে বিষয়টি তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানরত আনছার ব্যাটেলিয়ান সদস্যদের অবগত করেন। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছিল। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, পুলিশ তদন্ত শুরু করছে। তাই এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।