গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্রিজের তার ইঁদুরে কাটায় পিটিয়ে দাঁত ভেঙে দেয়া হলো শ্রমিকের। এমন অভিযোগ উঠেছে হোটেল মালিক আবু তালেব মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৩১ মে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের মিষ্টান্ন ভান্ডার হোটেলে। আহত শ্রমিক ভবেশ জন্দ্র সরকার (৭২) উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামের মৃত ভরত চন্দ্র সরকারের ছেলে। অভিযুক্ত আবু তালেব মিয়া মিষ্টান্ন ভান্ডার হোটেলের মালিক। স্বজনরা জানায়, ভবেশ চন্দ্র সরকার মিষ্টান্ন ভান্ডার হোটেলের একজন শ্রমিক। গত ৩১ মে সকাল সাড়ে ১১ টার দিকে ভবেশ চন্দ্র সরকার ওই হোটেলে মিষ্টি তৈরির কাজ করছিলেন। এ সময় হোটেল মালিক আবু তালেব মিয়া তাকে ডেকে নেয়। এরপর হোটেলের ফ্রিজের তার ইঁদুরে কাটার বিষয়টি তাকে না জানানোর কারণে ভবেশ চন্দ্রকে খারাপ ভাষায় গালিগালাজ করেন।
এর একপর্যায়ে আবু তালেব মিয়া উত্তেজিত হয়ে গাছের খরি দিয়ে মারধরসহ কিলঘুসি মারলে ভবেশ চন্দ্রের দাঁত ভেঙে যায় এবং শারিরীকভাবে যখমে অজ্ঞান হয়ে পড়েন। এসব তথ্য নিশ্চিত করে ভবেশ চন্দ্রের ছেলে সুবির চন্দ্র সরকার বলেন, বাবাকে পিটিয়ে আহত করার ঘটনার খবর পেয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত সহায়তা পাবার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত আবু তালেব মিয়ার উপযুক্ত বিচার দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত আবু তালেব মিয়া বলেন, আমার দোকানের ফ্রিজের তার ইঁদুরে কাটার ব্যাপারে ভবেশ চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় নিজেই উল্টে পড়ে যখম হয়েছেন।
হাসপাতালে তার খোঁজখবর নেওয়াসহ চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে। সাদুল্লাপুর বাজার বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, একজন হোটেল শ্রমিককে মারধর করা মোটেও কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, হোটেল শ্রমিককে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।