মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আপন চাচার হাতে নির্মমভাবে খুন হয়েছেন দুই তরুণী ভাতিজি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও একজন নারী। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠাল কান্দি গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন—সামিমা সুলতানা সাম্মি আক্তার (২৪) ও মিম সুলতানা মাসুমা (২৩)। আহত হাজিরা বেগম (৪৫) বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের বড় বোন আরমিন আক্তার জানান, “আমাদের কোনো ভাই নেই।
আমরা বোনেরা মিলে জমিতে চাষাবাদ করি। প্রতিদিনের মতো আজও আমার দুই বোন মাঠে গেলে চাচা মাসুক আলী, চাচাতো বোন রায়না বেগম ও ভাই বাবু তাদের কাজে বাধা দেয়। এক পর্যায়ে তর্ক-বিতর্ক শুরু হলে চাচা মাসুক আলী হাতে থাকা ধারালো দা দিয়ে সামিমা ও মিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। মামী হাজিরা বেগম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।” ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত হাজিরা বেগমকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল। ঘটনার দিন সেই বিরোধই প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত দুই বোনের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কাঁঠাল কান্দি গ্রামের আকাশ-বাতাস। ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ঘাতক চাচা ঘটনার পর বুধবার (৪ জুন) বিকেল ৫টার দিকে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যেভাগ এলাকা থেকে প্রধান অভিযুক্ত মাসুক আলীকে গ্রেপ্তার করে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।