২০২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে শেরপুর সরকারি কলেজ। এ বছর কলেজটির ২০০-র অধিক শিক্ষার্থী মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে অনেকে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য গুণগতমানসম্পন্ন বিশ্ববিদ্যালয়েও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এই অর্জন শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টা, নিয়মিত ক্লাস-পরীক্ষা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফল বলে জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা।

কলেজের এই সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বই আমাদের বড় পাওয়া। তারা যদি নিয়মিত ক্লাস করে তাহলে এডমিশনের প্রস্তুতি অনেকটায় সহজ হয়। আমি আহ্বান করবো যারা ইন্টারের শিক্ষার্থী আছে নিয়মিত যেন ক্লাস করে।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ বলেন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে (মেডিকেল কলেজ, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়) ২ শতাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তির সুযোগ পাওয়ায় শেরপুর সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে শিক্ষার্থীদের সাফল্য কামনা করি।

সেই সাথে কলেজের সকল শিক্ষক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি আগামীতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}