মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের বহুদিনের অবহেলিত একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা অবশেষে ইট সলিংয়ের আওতায় আসলো। গবিন্দপুর গ্রামের রশীদ মিয়ার বাড়ি থেকে ছাতির উল্লাহ্ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩৬০ ফুট কাঁচা রাস্তায় ইট সলিংয়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শুক্রবার (২০ জুন ) সকালে এই কাজের উদ্বোধন করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য হায়দর আলী, মাওলানা উস্তার আহমেদ, সোলায়মান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উন্নয়ন কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কানাডা প্রবাসী সমাজসেবক মুহিবুর রহমান রাজু। তিনি উপজেলার ‘হৃদয়ে কমলগঞ্জ’ নামক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রায় ১২ গাড়ি বালু সরবরাহ করে এ কাজে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।
মুহিবুর রহমান রাজু বলেন,
“আমি আলীনগরের সন্তান, আপনাদের সন্তান। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। আমি এই এলাকার শিক্ষার্থী এবং বয়সে নুয়ে পড়া অবহেলিত মানুষদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমি কানাডায় থাকলেও আমার মন পড়ে থাকে এই আলীনগরে। আপনাদের পাশে থাকাই আমার আনন্দ।”
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে এই কাঁচা রাস্তায় চলাচল ছিল অত্যন্ত দুরূহ। এখন ইট সলিংয়ের কাজ শুরু হওয়ায় তারা ভীষণ আনন্দিত, এবং সমাজসেবক মুহিবুর রহমান রাজু ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।