ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম গ্রামে পারিবারিক কলহে বিক্ষুব্ধ ভাতিজার দায়ের কোপে হাতের কবজি হারিয়েছেন চাচা রফিকুল ইসলাম (৫০) । মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ (২৬ /৬/২৫) এ ঘটনার পর গ্রেপ্তার আতংকে হামলাকারী ভাতিজা ও তার পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- চরিলাম গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তার আপন ভাই দুধ মিয়ার জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকাল তিনটার দিকে দুই ভাইয়ের মধ্যে জমির মাটি কাটার হিসেব নিয়ে তর্ক-বিতর্ক হয়। তর্কাতর্কির একপর্যায়ে দুধ মিয়ার ছেলে বিক্ষুব্ধ বাইজীদ মিয়া ঘর থেকে দা এনে চাচা রফিকুল ইসলামের বাম হাতে কুপ বসিয়ে দেয়। এতে চাচা রফিকের বা হাতের কবজি শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে মাটিতে পড়ে যায়।
এ সময় তার আর্ত-চিৎকারে লোকজন ছুটে এসে রক্তাক্ত রফিকুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এবং পরে (সন্ধ্যায়) আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন- “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি তবে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারী বায়োজিদসহ তার পুরো পরিবার পালিয়ে গেছে”।