শেরপুর পৌর শহরের ইউনাইটেড  হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।  আটক চাঁদনী বেগম (৩০) শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।  নবজাতকের পরিবার ও স্থানীয়রা জানান, শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগমের তিনদিনের শিশুকে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল ৯টার সময় চাঁদনী বেগম নামে ওই নারী চুরি করে নিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করে। এদিকে, ঘটনার পরপরই পুলিশ নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সদর থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম বলেন, অভিযান চালিয়ে নবজাতক উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}