ফুলের মতো নিষ্পাপ ৯ বছরের শিশু মাইমুনা আক্তার ময়না আর কখনো ঘরে ফিরবে না—এই বেদনাদায়ক বাস্তবতায় স্তব্ধ হয়ে গেছে পুরো ব্রাহ্মণবাড়িয়া। মসজিদের মতো পবিত্র স্থানে রেখে যাওয়া ধর্ষণ ও নির্মমভাবে খুন হওয়া ছোট্ট ময়নার রক্তাক্ত নিথর দেহ গোটা জনপদকে কাঁদিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকা।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে এই মহাসড়কের সরাইল বিশ্বরোডে মানববন্ধনের আয়োজন করে ‘বিশ্বরোড ছাত্র ঐক্য’, সদর উপজেলার সর্বস্তরের জনতা এবং সরাইল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টিমুখর সকাল এবং প্রতিকূল আবহাওয়া মানববন্ধন কিছুটা বিলম্বিত করলেও শত শত শিক্ষার্থী ও স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের গগনবিদারী স্লোগান—”ময়না কবরে, খুনি কেন বাহিরে?”—প্রকম্পিত করে তোলে মহাসড়ক। বক্তারা বলেন, ফুলের মত নিষ্পাপ শিশু মাইমুনা আক্তার ময়নাকে যারা ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে লাশ মসজিদে রেখে গেছে দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থি দিতে হবে অন্যথায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ময়না হত্যার বিচারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই জঘন্য ঘটনার দ্রুত বিচার না হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা আরও বলেন, অতিসত্বর দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত না করলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই হুঁশিয়ারি দিয়ে মানববন্ধন শেষ হলেও, উপস্থিত সবার চোখেমুখে ফুটে উঠেছে একটাই প্রতিজ্ঞা, ময়নার জন্য ন্যায়বিচার চাই।এদিকে, হৃদয়বিদারক এ ঘটনার প্রতিবাদে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও মানববন্ধনের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ব্যানারে শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তারা ময়নাকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন। বক্তারা বলেন, এমন মর্মান্তিক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।উল্লেখ্য, গত শনিবার (৫ জুলাই) বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শাহবাজপুর ইউনিয়নের হাবলী পাড়ার প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে রাতেই সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা।পরদিন রোববার (৬ জুলাই) সকালে হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে ময়নার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর সোমবার (৭ জুলাই) বিকেলে প্রবাস ফেরত পিতা আব্দুর রাজ্জাক দেশে আসার পর, বাদ আছর জানাযার মধ্য দিয়ে হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানানো হয় ময়নাকে।