গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল।

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী বিভাগের সহকারী অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। একইসঙ্গে তিনি সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করে আসছেন।
তিনি ড. মো. আসাদুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়ে বিভাগের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। একই আদেশে বিশ্ববিদ্যালয়ের আরও ছয়টি বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণাও দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট নিয়ম অনুসারে দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।